যশোরে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ ও মিছিল
- আপডেট সময় : ০৯:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পঠিত

জ্বালানি তেল ও কৃষি উপকরণের দাম বৃদ্ধি প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি প্রকাশ এবং কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সংগ্রাম পরিষদ যশোরের আহ্বায়ক ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি যশোর জেলার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিমুর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি মনিরামপুর শাখার সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলার সভাপতি আব্দুর রহিম, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট যশোরের আহ্বায়ক আলাউদ্দীন এবং জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি যশোর জেলার দপ্তর সম্পাদক পলাশ বিশ্বাস।
বক্তারা বলেন, নজিরবিহীনভাবে এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। সার, গ্যাস ও বিদ্যুতের সংকটে কৃষক সমাজ দিশেহারা। দেশের প্রায় ৪৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত হলেও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘দেশবিরোধী’ চুক্তি স্বাক্ষর করেছিল। বর্তমান সরকারও চুক্তিটি নিয়ে জাতীয় সংসদে কোনো আলোচনা করছে না। তারা চুক্তিটি জনসমক্ষে প্রকাশের দাবি জানান।
সমাবেশে নেতৃবৃন্দ দলের ভেতরের কালোবাজারি ও সুযোগসন্ধানীদের নিয়ন্ত্রণের আহ্বান জানান। অন্যথায় কৃষক, মজুর ও শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ থেকে ইরি মৌসুমে ডিজেলের দাম কমানো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি জনসমক্ষে প্রকাশ, কৃষকদের উৎপাদিত ফসলের সার্বজনীন বীমা চালু এবং ৬৫ বছরোর্ধ্ব কৃষক-মজুরদের জন্য স্থায়ী পেনশন ভাতা চালুর দাবি জানানো হয়।












