ডিলারের কাগজপত্র জব্দ, তদন্ত কমিটি গঠন
যশোরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ১০:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ৬২ বার পঠিত

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার শামীম হোসেনের বিরুদ্ধে।
অক্টোবর মাসে উপকারভোগীদের নির্ধারিত চাল বিতরণ না করে খোলাবাজারে বিক্রির অভিযোগে বৃহস্পতিবার অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চাল বিতরণসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
জানা গেছে, কাশিমপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শামীম হোসেনের বিরুদ্ধে অক্টোবর মাসে উপকারভোগীদের নির্ধারিত পরিমাণ চাল বিতরণ না করে তা খোলাবাজারে বিক্রির অভিযোগ ওঠে। পাশাপাশি নির্ধারিত ডিলার পয়েন্ট ও গুদাম বিজয়নগরে থাকার কথা থাকলেও তা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এসব অভিযোগ তুলে কয়েকজন উপকারভোগী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার সরেজমিনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকারী দল প্রথমে বিজয়নগরে গিয়ে নির্ধারিত ডিলার পয়েন্ট খুঁজে পায়নি। পরে ডিলার শামীম হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ডিলার পয়েন্ট খয়েরতলা বাজার এলাকায় স্থানান্তর করা হয়েছে।
এরপর ভ্রাম্যমাণ আদালতের দল খয়েরতলা পুরাতন স্টেশনের পাশে অবস্থিত ডিলার পয়েন্টে গিয়ে তদন্ত শুরু করে। সেখানে ডিলারের উপস্থিতিতে কয়েকজন উপকারভোগীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। এ সময় কয়েকজন উপকারভোগী অক্টোবর মাসের চাল না পাওয়ার অভিযোগ করেন।
অভিযানকালে চাল বিতরণসংক্রান্ত বিভিন্ন তথ্য ও কাগজপত্র যাচাই করে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে ডিলার শামীম হোসেনের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করে নিয়ে আসে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্য অনুযায়ী, ডিলার পয়েন্ট বিজয়নগরে থাকার কথা থাকলেও সেখানে পাওয়া যায়নি। পরে খয়েরতলা পুরাতন স্টেশনের পাশে ডিলার পয়েন্টের সন্ধান পাওয়া যায়।
তিনি বলেন, ডিলারের উপস্থিতিতে কয়েকজন উপকারভোগীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে চাল বিতরণসংক্রান্ত বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। কয়েকজন সরাসরি চাল না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। পরে সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করা হয়।
মাহির দায়ান আমিন আরও বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে এ বিষয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ডিলার শামীম হোসেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেই ডিলার পয়েন্ট স্থানান্তর করা হয়েছে।
শামীম হোসেন বলেন, রাজনৈতিক বিরোধের জেরে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। সরকারি বরাদ্দের চাল অন্যত্র বিক্রির কোনো সুযোগ নেই। তাঁর বিরুদ্ধে চাল বিক্রির অভিযোগের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি এবং তাঁর পরিবারের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কাশিমপুর ইউনিয়নের পাঁচ শতাধিক নিম্নআয়ের মানুষের প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। সে হিসাবে একজন উপকারভোগী ৪৫০ টাকায় ৩০ কেজি চাল পান।
সরকারের এই কর্মসূচি বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে রয়েছে জেলা ও উপজেলা খাদ্য বিভাগ।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, যশোর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে মণিরামপুর উপজেলার দায়িত্বে থাকা খাদ্য নিয়ন্ত্রক অতিরিক্ত হিসেবে যশোর সদরের দায়িত্ব পালন করছেন।
একজন কর্মকর্তার অধীনে দুটি বড় উপজেলার কার্যক্রম পরিচালিত হওয়ায় প্রশাসনিক ও তদারকিসংক্রান্ত নানা জটিলতা তৈরি হচ্ছে বলে জানা গেছে।
খাদ্যবান্ধব কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগীদের প্রকৃত বরাদ্দ নিশ্চিত করা এবং চাল বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত তদারকি কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাৎ বা খোলাবাজারে বিক্রির অভিযোগের সত্যতা তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই নিশ্চিত হওয়া যাবে।




















