যশোরে দুর্গাপূজা উদযাপন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- আপডেট সময় : ১০:০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ১২ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং পূজার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ২৫ মিনিট পর্যন্ত যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। সভায় বিএনপি ও পূজা উদযাপন পরিষদের নেতাকর্মী, প্রতিনিধি এবং সুধীজনসহ প্রায় ৩০০ থেকে ৩২০ জন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকসহ বিএনপি ও পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোর জেলায় শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও চব্বিশের পলায়নকারী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কোনোভাবেই তাদের এ ধরনের কর্মকাণ্ড সফল হতে দেওয়া হবে না। এ পরিস্থিতি মোকাবিলায় বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে সচেষ্ট থাকতে হবে। শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপিত হয়, সে লক্ষ্যে সরকার ও বিএনপির নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, বর্তমান সরকার পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান। আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপনের জন্য সবাই সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।
যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল বিএনপি সর্বাত্মক সহযোগিতা করছে, যা অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।























