যশোরে পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে জমজমাট লড়াই
- আপডেট সময় : ০২:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ উপলক্ষে থানা পর্যায়ের নারী ও পুরুষ দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় যশোর টাউন হল মাঠে জেলা পুলিশের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সারাদেশের মতো যশোরেও এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহযোগিতা ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার পরামর্শে নির্ধারিত বাইলজ অনুযায়ী প্রতিযোগিতা পরিচালিত হয়। প্রতিযোগিতায় প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয় বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
প্রথমে ইউনিয়ন পর্যায়ে নারী ও পুরুষ কাবাডি দল গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা চ্যাম্পিয়ন দল বাছাই করা হয়। এরপর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নির্ধারণের জন্য যশোর জেলার আটটি উপজেলা চ্যাম্পিয়ন পুরুষ দল ও আটটি নারী দল অংশ নেয়।
দিনব্যাপী জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতা শেষে পুরুষ বিভাগে কোতয়ালী থানা ও অভয়নগর থানা দল ফাইনালে ওঠে। নারী বিভাগে ফাইনালে ওঠে কোতয়ালী থানা ও বাঘারপাড়া থানা দল।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুন্না বিশ্বাস, সহকারী পুলিশ সুপার ‘নাভারণ’ সার্কেল আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার ‘মনিরামপুর’ সার্কেল ইমদাদুল হক, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইনস যশোর, বাংলাদেশ কাবাডি ফেডারেশন কর্তৃক মনোনীত রেফারিগণ, বিভিন্ন থানা থেকে আগত খেলোয়াড় ও কোচসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে নারী ও পুরুষ দল জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।
























