যশোরে পৃথক অভিযানে ৫৫০পিচ ইয়াবাসহ দুইব্যক্তি আটক
- আপডেট সময় : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এসআই (নিঃ) রকি মণ্ডলের নেতৃত্বে একটি দল কোতোয়ালী থানাধীন ডালমিল-চাঁচড়া ফাঁড়ি এলাকার চাঁচড়া-কোর্ট মোড় সড়কে অভিযান চালায়।
এ সময় রোজা স্টিল অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে পাকা রাস্তা থেকে আলমগীর শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আলমগীর শেখ যশোর শহরের মণ্ডলগাতি ৬ নম্বর ওয়ার্ডের মৃত জালাল শেখ ও মৃত মালেকা বেগমের ছেলে।
অন্যদিকে, একই দিন রাত ১২টা ৫ মিনিটের দিকে এসআই (নিঃ) কামাল হোসেনের নেতৃত্বে ডিবির অপর একটি দল কোতোয়ালী মডেল থানাধীন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগুনিতলা এলাকায় অভিযান চালায়। সেখানে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে বনি আমিন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক বনি আমিন কোতোয়ালী মডেল থানার কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার মোজাহার আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পৃথক পৃথক অভিযানে উদ্ধার করা মোট ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।





















