
যশোর শহরের ঘোপ বাবলাতলা মোড়ে একটি প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা ৫ মিনিটে যশোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ বাবলাতলা মাইক্রোস্ট্যান্ড এলাকায় নিউমার্কেট মোড়ের দিক থেকে আসা একটি প্রাইভেটকার ও বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ ইজিবাইকের মোট পাঁচজন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা ও মার্কাজুল উলুম মাদ্রাসার ছাত্র রিয়াদ হোসেন (২৮), যশোর শহরের মনিহার এলাকার আসিব উদ্দিন ইমন (২১), নওপাড়া ইউনিয়নের পাগলাদাহ এলাকার সেলিনা বেগম (৪৫), প্রাইভেটকার চালক কাজীপাড়া এলাকার মোস্তফা (৪৪) এবং হামিদপুর-ফতেহপুর এলাকার সুমন (৩৫)।
আহতদের মধ্যে সুমনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
























