যশোরে বিএনপি’র কনসার্ট চলাকালে যুবককে ছুরিকাঘাত
- আপডেট সময় : ১১:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ৯ বার পঠিত

যশোর শহরের টাউন হল ময়দানে বিএনপি আয়োজিত কনসার্ট চলাকালে মেহেদী হাসান শাহিন (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। আহত শাহিন বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টাউন হল ময়দানে কনসার্ট চলাকালে এ ঘটনা ঘটে। আহত মেহেদী হাসান শাহিন যশোর সদর উপজেলার চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা। তিনি মেহেদী হাসান বাদশার ছেলে।
আহত শাহিনের অভিযোগ, কনসার্টে নাচানাচির একপর্যায়ে বেজপাড়া পানির ট্যাংকি এলাকার বাসিন্দা শোয়েব (২০) নামে এক যুবক শাহিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। হামলার পর তার কাছে থাকা একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
হামলার কারণ এবং ছিনতাইয়ের অভিযোগের সত্যতা যাচাইসহ অভিযুক্তকে গ্রেপ্তারে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



















