যশোরে মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক
- আপডেট সময় : ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৬১ বার পঠিত

যশোরে আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) কাজী বাবুল। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ বা আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে নাসিমা সুলতানা মহুয়াকে আটক করা হয়। আটকের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া এর আগেও নাশকতার একটি মামলায় গত বছরের ডিসেম্বরে ডিবি পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।
রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী ছিলেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।























