আদালতে নিষ্পত্তি হওয়া ঘটনা নিয়ে নতুন মামলা, বাদীকে চেনেন না বলেও দাবি
যশোরে মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩ বার পঠিত

যশোরে মামলা দিয়ে হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলেছেন আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী। তাঁর দাবি, দীর্ঘদিন আগে আদালতে নিষ্পত্তি হওয়া ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তাঁর বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এমনকি নতুন একটি মামলার বাদীকেও তিনি চেনেন না এবং ওই ব্যক্তির সঙ্গে কখনো কথা হয়নি বলে দাবি করেছেন আনোয়ার হোসেন। এ অবস্থায় মামলাটি কীভাবে দায়ের হলো, তা নিয়ে প্রশ্ন তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আনোয়ার হোসেন।
তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর স্কুলপাড়া এলাকার বাসিন্দা। আনোয়ার হোসেন জানান, প্রায় দুই যুগ আগে ঝিকরগাছা থেকে যশোর শহরে এসে সাব-কন্ট্রাক্টরি ও ঝুট ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি যশোর শহরে বসবাস করে ব্যবসা পরিচালনা করছেন।
লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন অভিযোগ করেন, ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের ওবায়দুর রহমান, শার্শার বাগআঁচড়া এলাকার কবিরুল ইসলাম এবং সিওরদা গ্রামের আব্দুল করিম তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তাঁর দাবি, ২০০৭ সালে ওবায়দুর রহমান তাঁর বিরুদ্ধে একটি মামলা করেন, যা ২০১০ সালে আদালত খারিজ করে দেন। এ ছাড়া কবিরুল ইসলাম ও আব্দুল করিমের দায়ের করা আরও দুটি মামলাও আদালতে নিষ্পত্তি হয়েছে বলে দাবি করেন তিনি।
আনোয়ার হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, কবিরুল ইসলামের দায়ের করা জিআর ৭৭/২০০৫ মামলার ফৌজদারি আপিল নম্বর ৬৩/২০১৭ এবং আব্দুল করিমের দায়ের করা সিআর মামলা নম্বর ৪০৩/২০২১। ওবায়দুর রহমানের দায়ের করা মামলাটির নম্বর সিআর ৪৮৩/০৭। এসব মামলায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন আনোয়ার।
তিনি আরও জানান, ২০২৫ সালের ১৭ আগস্ট আব্দুল করিমের দায়ের করা একটি মামলায় আদালত তাঁকে খালাস দেন। এরপর চলতি বছরের ২ জুন এবং ২১ জুন তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। ২১ জুন দায়ের করা মামলাটির নম্বর সিআর ৪৫৯/২০২৬ বলে উল্লেখ করেন আনোয়ার।
আনোয়ার হোসেনের অভিযোগ, আব্দুল করিমের আগের একটি মামলায় তাঁর কাছে ১ লাখ ৫৫ হাজার টাকা পাওনা দাবি করা হয়েছিল। পরবর্তী মামলায় সেই দাবির পরিমাণ বাড়িয়ে ৪ লাখ ৫৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। একইভাবে ওবায়দুর রহমান তাঁর কাছে সাড়ে চার লাখ টাকা পাওনা বলে যে তথ্য প্রচার করেছেন, সেটিও মিথ্যা বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো আর্থিক লেনদেন ছিল না। নতুন মামলার বাদীকেও তিনি চেনেন না এবং তাঁর সঙ্গে কখনো কথা হয়নি। তাহলে ওই ব্যক্তি কীভাবে তাঁর বিরুদ্ধে মামলা করলেন—এ প্রশ্ন তুলে বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।
আনোয়ারের দাবি, গত ১ জুলাই ঝিকরগাছার কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় সাংবাদিকদের কাছে তথ্য দিয়েছেন। সম্প্রতি তাঁর কাছে ৩৫ লাখ টাকা পাওনা থাকার অভিযোগও প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি।
তাঁর ভাষ্য, পুরোনো মামলাগুলো নিষ্পত্তির পর তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন ও ব্যবসা করে আসছিলেন। কিন্তু নতুন করে মামলা এবং বিভিন্ন অভিযোগের কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হয়রানি ও মানহানির শিকার হচ্ছেন। এসব ঘটনার পেছনে কোনো মহলের প্ররোচনা রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
আনোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রচারিত অভিযোগের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে শহিদে আলম, জনি, নূর ইসলাম, মাহফুজ খান, নূর নবী, জিয়া ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
তবে আনোয়ার হোসেনের অভিযোগের বিষয়ে ওবায়দুর রহমান, কবিরুল ইসলাম ও আব্দুল করিমের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।




















