
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চঞ্চল রায় (৭০) ও পারভেজ (২০) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চঞ্চল রায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (৯ জুন) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে যশোর-বাঘারপাড়া সড়কের তারাগঞ্জ বাজার অতিক্রম করার পর একটি ফাঁকা স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত চঞ্চল রায় যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের প্রমথ রায়ের ছেলে। অপর আহত পারভেজ বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের দোহাকুলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে।
জানা গেছে, চঞ্চল রায় মোটরসাইকেলযোগে বাগডাঙ্গা থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। একই সময়ে পারভেজ যশোর থেকে বাঘারপাড়ার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তারাগঞ্জ বাজার পার হওয়ার পর উভয় মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বর্তমানে আহত দুজন হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, আহত চঞ্চল রায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

























