যশোর জেনারেল হাসপাতাল থেকে ৩ লক্ষ টাকার ওষুধ গায়েব
- আপডেট সময় : ১১:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৪৮ বার পঠিত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন স্টোর থেকে ফার্মেসিতে নেওয়ার পথে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস কেফুক্লেভ ট্যাবলেট গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধের হিসাব-নিকাশে গরমিল থাকার কথা স্বীকার করে তদন্ত শুরু করেছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানিয়েছেন, তদন্তে ওষুধ গায়েবের ঘটনা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের মেডিসিন স্টোর ও ফার্মেসি সূত্রে জানা গেছে, গত ২৭ জুন ফার্মাসিস্ট জহুরুল ইসলাম মেডিসিন স্টোরের রেজিস্টারে স্বাক্ষর করে ৫ হাজার পিস কেফুক্লেভ ট্যাবলেট গ্রহণ করেন। তবে ফার্মেসির রেজিস্টারে ওই ওষুধ যথাযথভাবে জমা ও খরচের হিসাব পাওয়া যাচ্ছে না বলে সূত্রগুলোর দাবি।
এদিকে গত প্রায় দুই মাস ধরে হাসপাতালের বহির্বিভাগে কেফুক্লেভ ট্যাবলেটের সরবরাহ নেই। ফলে রোগীরা হাসপাতালের ফার্মেসি থেকে বিনামূল্যে এই অ্যান্টিবায়োটিক পাচ্ছেন না। বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে তাঁদের।
আউটডোরে দায়িত্ব পালনকারী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিসিন) ডা. এএইচএম মনজুর উদ্দিন বলেন, ‘গত প্রায় দুই মাসের মধ্যে আউটডোরে কেফুক্লেভ ট্যাবলেটের সরবরাহ নেই। ফলে এই ওষুধটি রোগীদের ব্যবস্থাপত্রে লিখতে পারছি না।’
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেফুক্লেভ একটি অ্যান্টিবায়োটিক। বুক ও গলার ইনফেকশনসহ বিভিন্ন ধরনের সংক্রমণের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়।
স্থানীয় ওষুধের দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, কেফুক্লেভ গ্রুপের অ্যান্টিবায়োটিকের বাজারমূল্য প্রতি পিস প্রায় ৬০ টাকা। সে হিসাবে ৫ হাজার ট্যাবলেটের মূল্য প্রায় ৩ লাখ টাকা।
ওষুধ গায়েবের ঘটনায় হাসপাতালের ফার্মাসিস্ট ইনচার্জ জহুরুল ইসলামের দিকে সন্দেহের তীর উঠেছে। তবে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন জহুরুল ইসলাম।
হাসপাতালের একাধিক সূত্রের দাবি, গত দুই-তিন দিন আগে বিষয়টি জানাজানি হয়। এরপর ফার্মেসির হিসাব-নিকাশ পর্যালোচনা শুরু করে কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের অভিযোগ, বিষয়টি প্রকাশ্যে আসার পর ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে। এমনকি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে কেফুক্লেভ সংগ্রহেরও চেষ্টা করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
হাসপাতালের আরএমও হাবিবা সিদ্দিকা ফোয়ারা বলেন, ‘বিশেষ করে আমাদের অ্যান্টিবায়োটিক, যেসব ওষুধ দামি, সেগুলো আমরা সবসময় মনিটর করার চেষ্টা করি, রোগীরা ঠিকমতো পাচ্ছে কি না। তবে বিগত কয়েকদিন ধরে আমাদের কিছু ওষুধের গরমিল পাওয়া গেছে। যেমন ওষুধ স্টকে আছে, কিন্তু ডাক্তার লেখার পর রোগীরা পাচ্ছে না। এ বিষয়ে কিছু গরমিল আছে। তদন্ত করছি, কোথায় কী ঝামেলা আছে।’
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি, কেফুক্লেভ ওষুধের হিসাবে কিছু গরমিল হয়েছে। এ বিষয়ে ফার্মাসিস্ট ইনচার্জ জহুরুলকে জিজ্ঞাসা করা হয়েছে। আমরা স্টক রেজিস্টার ও ফার্মাসিস্টের রেজিস্টার পর্যালোচনা করছি। সে অনুযায়ী ঘটনা প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এখন হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসার অপেক্ষা—৫ হাজার কেফুক্লেভ ট্যাবলেটের হিসাবের গরমিল কীভাবে হলো এবং এর পেছনে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা অন্য কোনো কারণ রয়েছে কি না।




















