২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ
যশোর জেলা ও দায়রা জজ আদালত সংস্কারের উদ্দ্যোগ
- আপডেট সময় : ০৯:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৮ বার পঠিত

যশোর জেলা ও দায়রা জজ আদালতের পুরাতন ঐতিহ্য সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে ২ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বরাদ্দের অর্থ দিয়ে আদালত ভবনের প্রয়োজনীয় সংস্কার ও মেরামত কাজের পাশাপাশি তিনটি এজলাস কক্ষ পুনর্নির্মাণ করা হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে এ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের পুরাতন আদালত ভবনটি সংস্কার, সংরক্ষণ এবং বিচারিক কার্যক্রমের পরিবেশ উন্নত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি যশোরের উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একই সঙ্গে বৃহত্তর যশোরের কৃতী সন্তান আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
এদিকে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর বলেন, ঐতিহ্যবাহী পুরাতন আদালত ভবনটি সংস্কারের দাবি দীর্ঘদিনের। আইনজীবীরা বিভিন্ন সময় এ বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন। সর্বশেষ আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান যশোর সফরে এলে আইনজীবীদের পক্ষ থেকে ভবনটি সংস্কারের বিষয়টি তার কাছে তুলে ধরা হয়।
তিনি বলেন, দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে জেনে আমরা অত্যন্ত আনন্দিত। পুরাতন এই ঐতিহ্যবাহী ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
সংশ্লিষ্টরা আশা করছেন, সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শেষ হলে যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক কার্যক্রম আরও সুষ্ঠু, স্বাচ্ছন্দ্যময় ও কার্যকর পরিবেশে পরিচালনা করা সম্ভব হবে। একই সঙ্গে সংস্কারের মাধ্যমে জেলার ঐতিহ্যবাহী এই আদালত ভবনের স্থাপত্যিক ও ঐতিহাসিক গুরুত্বও সংরক্ষিত থাকবে।
























