কর্মসংস্থানের সুযোগ বাড়াতে যশোরে চাকরি মেলা আয়োজন
- আপডেট সময় : ০১:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৫৮ বার পঠিত

যশোরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে এবং আশ্বাস প্রকল্প ও রাইটস যশোরের সহযোগিতায় টিটিসি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও আশ্বাস প্রকল্পের প্রকল্প পরিচালক দীপ্তা রক্ষিত এবং যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। চাকরি মেলায় জনবল নিয়োগের লক্ষ্যে উইনরক ইন্টারন্যাশনাল, শিখো, ডিজিকন, ইউনিফ্যাশন, আফিল গ্রুপ, মাস্টেরি ও প্রাইম এভিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেন।
আয়োজকরা জানান, চাকরিপ্রার্থীদের দক্ষতা ও যোগ্যতার সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের চাহিদার সমন্বয় ঘটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন, পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষিত ও প্রশিক্ষিত তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















