যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:৪৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৮ বার পঠিত

যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। তাঁর অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
বিদ্যালয়ের সভাপতি ও যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুন্না বিশ্বাস এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিকভাবে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য ও শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে। জেলা পুলিশ যশোরের তত্ত্বাবধানে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।




















