যশোর-মাগুরা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ
- আপডেট সময় : ০২:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে যশোর-মাগুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেন। এতে কিছু সময়ের জন্য যশোর-মাগুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচিতে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন মিঠু ও কার্যনির্বাহী সদস্য শেখ জাহিদুর রহমান লাবুর নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।























