যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৩২ বার পঠিত

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মতিনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে সচিবের অপসারণ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
লাঞ্ছিত হওয়ার অভিযোগকারী জাহিদ হাসান সেজান এমএম কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক। তাঁর অভিযোগ, সার্টিফিকেটে বাবা-মায়ের নাম সংশোধনের জন্য তিনি শিক্ষা বোর্ডের সচিবের কক্ষে যান। সেখানে হেডফোন পরার বিষয় নিয়ে সচিব তাঁকে গালাগাল করেন এবং কয়েকবার থাপ্পড় মারেন।
শিক্ষার্থীদের অভিযোগ, একজন শিক্ষার্থী প্রশাসনিক সেবা নিতে গিয়ে একজন পদস্থ কর্মকর্তার হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা এবং শিক্ষা বোর্ডের সচিবের অপসারণ দাবি করেন।
তবে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মতিন। তিনি বলেন, ‘আমি ওই শিক্ষার্থীকে মারধর করিনি। শিক্ষক হিসেবে শুধু তাঁর পিঠে চাপড় দিয়ে নৈতিকতার বিষয়ে পরামর্শ দিয়েছি।’
বিক্ষোভে জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতারা বক্তব্য দেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি দ্রুত শিক্ষা বোর্ডের সচিবকে অপসারণের দাবি জানান। তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।





















