যশোর সীমান্তে ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট সময় : ০৯:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ২৬ বার পঠিত

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৮ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৪২টি শাড়ি, ১১টি কম্বল, ৯টি চাদর, ৪ প্যাকেট ফুসকা, ৩ দশমিক ৫ কেজি কিসমিস, ৪০টি চকলেট ও ৪৫২টি প্রসাধনী সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালানি পণ্য পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























