সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে আলোকসজ্জা
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধ
- আপডেট সময় : ১০:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ২৯ বার পঠিত

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বুধবার এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এর আগে বিদ্যুৎ বিভাগের গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে। নতুন নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং আলোকসজ্জা বা লাইটিং সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে।
তবে জরুরি সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ সময়সূচির আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে খাবারের হোটেল ও রেস্তোরাঁ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এবং জরুরি ওষুধ ও চিকিৎসাসংশ্লিষ্ট অন্যান্য দোকান। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সরকারি এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমানো এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতেই সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।























