
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৬ নম্বর সোরা গ্রামে লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি রক্ষা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় সোরা দক্ষিণপাড়া মসজিদের পাশে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং নানা স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। মানববন্ধনে বক্তব্য দেন আজিজুর রহমান, মহিউদ্দিন খাজা, মিজানুর রহমান, হাবিবুর রহমান, আবু জাফর, মোজাম্মেল হোসেন, সাংবাদিক আজমীর হোসেন, মর্জিনা খাতুন ও নুর নাহার প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লবণ পানি উত্তোলন ও অনিয়ন্ত্রিত বিস্তারের কারণে এলাকার কৃষিজমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। একসময়ের ফসলি জমি ধীরে ধীরে অনাবাদি হয়ে পড়ছে। ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন কমে যাওয়ায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
তারা আরও বলেন, লবণাক্ততার কারণে পুকুর, খাল ও জলাশয়ের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। পাশাপাশি গবাদিপশু পালন ও দৈনন্দিন জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বক্তাদের অভিযোগ, দুর্বল বেড়িবাঁধের কারণে জোয়ার-ভাটার সময় লবণ পানি ঢুকে কৃষিজমি, বসতভিটা ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি করছে। এমনকি জোয়ারের সময় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় মানবিক দুর্ভোগ বাড়ছে বলেও তারা উল্লেখ করেন।
সমাবেশে তারা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি সংরক্ষণ এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।





















