
যশোরের শার্শা উপজেলার কথিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মো. রাসেল রানাকে (২৬) সহযোগীসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের একটি দল শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে রাসেল রানাকে আটক করে।
ডিবি সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাসেল রানাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার শয়নকক্ষে বালিশের নিচে অস্ত্র রাখার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মো. জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে (৪০) বেনাপোলের পুটখালী এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক রাসেল রানার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। আটক দুজন হলেন শার্শা উপজেলার রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাসেল রানা এবং বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিমপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে জিয়াউর রহমান ওরফে হাফিজুর। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
























