শার্শায় পরিবেশ প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৬:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৩২ বার পঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের শার্শায় আগমন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, অভ্যর্থনা, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এতে শার্শা উপজেলা বিএনপি, বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি আতিকুজ্জামান সনি ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর আগমন কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সাংগঠনিক দায়িত্ব বণ্টন, নেতাকর্মীদের অবস্থান, অভ্যর্থনা কার্যক্রম এবং সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে কর্মসূচির সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ নজর রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে শার্শা ও বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও প্রচারসামগ্রী টানানো হয়েছে। আগমনস্থল ও আশপাশের এলাকায়ও প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শার্শা ও বেনাপোলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আয়োজকরা জানান, প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে কর্মসূচিকে সুশৃঙ্খল ও সফল করার লক্ষ্যে কাজ চলছে।

























