শার্শায় সাংবাদিকের বাড়িতে দুধর্ষ চুরি
- আপডেট সময় : ০৮:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩৭ বার পঠিত

যশোরের শার্শায় সাংবাদিক মেহেদী হাসানের পৈতৃক বসতবাড়ির গ্রিল কেটে চুরির অভিযোগ উঠেছে। এ সময় বাড়ি থেকে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ৭৫ হাজার টাকা নগদ চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্যামলাগাছি গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মেহেদী হাসান জানান, সকালে বাড়িতে তালা লাগিয়ে তিনি কর্মস্থলে যান। রাতে বাড়িতে ফিরে দ্বিতীয় তলার গ্রিল কাটা এবং তিনটি কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান তিনি।
মেহেদী হাসানের অভিযোগ, চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে নেকলেস, বালা, ব্রেসলেট, কানের দুল ও ১০টি আংটি। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ঘর থেকে নগদ ৭৫ হাজার টাকা চুরি হয়েছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে শার্শা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মেহেদী হাসান। চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।























