একাদশে ভর্তির আবেদন শুরু
- আপডেট সময় : ০৭:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭ বার পঠিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) থেকে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দক্রম অনুযায়ী আবেদন করতে পারবেন। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো ভর্তি বা বাছাই পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। ২ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে যাদের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে, তারা আবেদন করতে পারবেন। আর ফল পরিবর্তনের ক্ষেত্রে ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত হওয়ার পর ভর্তি নিশ্চিত করতে ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় পাবেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
যেসব তথ্য লাগবে
অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের বছর, সচল মোবাইল নম্বর, পছন্দের কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা এবং যে বিভাগে ভর্তি হতে চান সেই বিভাগের তথ্য প্রয়োজন হবে।
৯৩ শতাংশ আসন মেধায়, ৭ শতাংশ কোটায়
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশ আসন নির্ধারিত কোটার জন্য সংরক্ষিত থাকবে।
একজন শিক্ষার্থী একাধিক কলেজে আবেদন করলেও তাঁর প্রাপ্ত জিপিএ, কোটা এবং পছন্দক্রম বিবেচনা করে কেবল একটি কলেজে ভর্তির জন্য নির্বাচিত করা হবে। তবে প্রবাসীদের সন্তান, বিকেএসপির শিক্ষার্থী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়ে ম্যানুয়ালি আবেদনের সুযোগ পাবেন।
যেভাবে আবেদন করবেন
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। ম্যানুয়ালি সাধারণ আবেদন গ্রহণ করা হবে না। এজন্য শিক্ষার্থীদের নির্ধারিত সরকারি পোর্টাল xiclassadmission.gov.bd-এ আবেদন করতে হবে।
প্রথমে ২২০ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। এরপর ওয়েবসাইটে গিয়ে ‘Sign Up’ অপশনে ক্লিক করে এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের সন দিয়ে নিবন্ধন করতে হবে। মোবাইলে পাওয়া আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। ড্যাশবোর্ড থেকে কলেজের কোড বা নাম দিয়ে প্রতিষ্ঠান খুঁজে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম অনুযায়ী সাজিয়ে আবেদন ফাইনাল সাবমিট করতে হবে।


















