মৃত দু’ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা দিল চিতলমারী ওয়ালটন প্লাজা
- আপডেট সময় : ০২:২৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে মৃত দুই ক্রেতার পরিবারের মাঝে আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মৃত গ্রাহকদের বকেয়া টাকা মওকুফ করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় চিতলমারীতে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত গ্রাহক সালমা বেগমের পরিবারের পক্ষে তার স্বামী আল আমিন মোল্লা এবং অপর মৃত গ্রাহক আশিক খানের পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সুবিধা তুলে দেওয়া হয়। সালমা বেগমের বাড়ি আড়ুয়াবর্নী এবং আশিক খানের বাড়ি খরমখালী গ্রামে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়ালটন শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়; ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও প্রতিষ্ঠানটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। কোনো গ্রাহকের অকালমৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
তারা বলেন, মৃত দুই গ্রাহকের বকেয়া অর্থ মওকুফের পাশাপাশি তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ায় স্থানীয়ভাবে ওয়ালটনের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার কাস্টমার রিলেশন ইনচার্জ মোহাম্মদ নাহিদ হাসান, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার, ডিভিশন-০৭ মোহাম্মদ আবু রায়হান, ফরিদপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মনতাজ আহমেদ সাকিব এবং ফরিদপুর এরিয়ার রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান জোয়ারদার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা চিতলমারীর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাইফুল্লাহসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আর্থিক সুবিধা হস্তান্তরের সময় মৃত দুই গ্রাহকের পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ওয়ালটনের পক্ষ থেকে ভবিষ্যতেও গ্রাহক ও তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
স্থানীয়রা জানান, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত গ্রাহকদের পরিবারের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা বহন করে। তারা ওয়ালটনের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
























