শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৩৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পঠিত

যশোরের চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী শিপ্রা ঘোষ হত্যার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভাতুড়িয়া হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিপ্রা ঘোষ হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। এ সময় চাঁচড়া শ্রী শ্রী দশ মহাবিদ্যা ইসকন মন্দিরের অপার গোবিন্দ দাস, অর্জুন কৃষ্ণ দাস, পার্থ কৃষ্ণ দাস, পবিত্র দাস, সঞ্জয়, সাধন অধিকারী ও পাপিয়া অধিকারীসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্ত অপার গোবিন্দ দাসের ফাঁসির দাবিও জানান তারা।
মানববন্ধনে ভাতুড়িয়া হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাব্বির রহমান, কাজল, বোরহান উদ্দিন, শিক্ষিকা জেসমিন আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন। নিহত শিপ্রা ঘোষের বড় ভাই পাপন কুমার ঘোষ ও প্রান্ত কুমার ঘোষের নেতৃত্বে মানববন্ধনটি পরিচালিত হয়।
বক্তারা বলেন, শিপ্রা ঘোষ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।























