মণিরামপুরে ২ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ
শিশুদের হাতে চারা, সবুজ বাংলাদেশের স্বপ্ন যুবদূতের
- আপডেট সময় : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার পঠিত

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ—এমন প্রত্যয় নিয়ে যশোরের মণিরামপুরে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যুবদূত। ‘সবুজায়ন, দেশ গড়া’ স্লোগানে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ইত্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
চারা হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। এ সময় তাদের শুধু গাছ লাগানোর জন্য উৎসাহিত করাই নয়, বৃক্ষের গুরুত্ব, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছের ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও বিদ্যালয়ের আঙিনায় চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদূতের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মনিরুজ্জামান। এ ছাড়া সংগঠনের সদস্য রাসেল, মাহিন, জাহিদ, মিরাজসহ অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সদস্যরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই যুবদূত তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা ও মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণ প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবার মানসিকতা গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার এমন একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যার সুফল দীর্ঘদিন ধরে পাওয়া যাবে। একটি চারা আজ ছোট হলেও পরিচর্যার মাধ্যমে একদিন তা বড় গাছে পরিণত হবে। একইভাবে শিশুদের মধ্যে আজ যে পরিবেশ সচেতনতা তৈরি হচ্ছে, ভবিষ্যতে সেটিই একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে ভূমিকা রাখবে।
যুবদূতের সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, ‘শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া আমাদের কাছে শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিবেশ রক্ষার দায়িত্ব তুলে দেওয়ার একটি প্রতীকী উদ্যোগ। আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের হাত ধরেই আমরা একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ ও পরিবেশের জন্য কার্যকর কিছু করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মণিরামপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হবে।
যুবদূতের এমন উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিশুদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে একদিকে যেমন বৃক্ষরোপণে আগ্রহ বাড়বে, অন্যদিকে ছোটবেলা থেকেই তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ তৈরি হবে।






















