শিশু ধর্ষণকারী সোহাগের ফাঁসির দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৪:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৮ বার পঠিত

যশোরে শিশু লামিয়াকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সোহাগের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে রায়মানিক সরদারপাড়া এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু লামিয়াকে ধর্ষণের পর সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সোহাগ কারাগারে থাকলেও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। পাশাপাশি তাঁদের হত্যা ও ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে।
মানববন্ধন থেকে দ্রুত বিচার সম্পন্ন করে অভিযুক্ত সোহাগের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।





















