শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ নিয়ে যা বললেন সাহাবুদ্দিন
- আপডেট সময় : ১০:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১২ বার পঠিত

ভারতের অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথিত টেলিফোন আলাপের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর সংবাদমাধ্যমের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সাহাবুদ্দিন বলেন, অসুস্থতাই মূল কারণ। সেটাই সত্য। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো অপতথ্য। সম্পূর্ণরূপে বেসলেস, ক্রিয়েটেড ও কল্পনাপ্রসূত। নিজের মনে যা চাইলো, মনের মাধুরী মিশিয়ে লিখে দিল। কোনো ফোন-টোন আসেনি। এগুলো বাজে কথা।
বঙ্গভবন ছাড়ার বিষয়ে তিনি বলেন, আইন অনুযায়ী পদত্যাগের পর এক মাস পর্যন্ত সেখানে থাকার সুযোগ থাকলেও তিনি যত দ্রুত সম্ভব গুলশানের নিজ বাসায় চলে যাবেন। আইনে এক মাস থাকার বিধান আছে। তবে যত দ্রুত সম্ভব আমি বাসায় চলে যাব। গুলশানের বাসাতেই উঠব।
পদত্যাগের পর নিজের ভূমিকার মূল্যায়ন করতে গিয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, তিনি দায়িত্ব পালনে গর্ববোধ করেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক সংকটে সংবিধান রক্ষায় ভূমিকা রেখেছেন।
তার ভাষায়, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। আমি একটি সংকটময় সময়ে সংবিধানকে ধরে রেখেছি। সাংবিধানিক ক্ষমতাবলে অন্তর্বর্তী সরকার গঠন করেছি। পরে সেই সরকার নির্বাচন পরিচালনা করেছে এবং এখন নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। এটাকে আমি আমার কৃতিত্ব বলেই মনে করি।




















