
গাছ লাগানো ও পরিচর্যা যার নেশায় পরিণত হয়েছে, তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে অসামান্য অবদানের কারণে তিনি এলাকায় ‘সবুজের ফেরিওয়ালা’ ও ‘সবুজ বিপ্লবী’ নামে পরিচিতি পেয়েছেন।
ছোটবেলা থেকেই বৃক্ষের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। শখের বশে বন্ধুদের নিয়ে নিজ এলাকায় কয়েক হাজার তালবীজ রোপণ করেছিলেন তিনি। সময়ের ব্যবধানে সেই উদ্যোগই রূপ নিয়েছে ‘শহরাই তালপার্ক’-এ, যা বর্তমানে স্থানীয়দের কাছে একটি পরিচিত ও আকর্ষণীয় স্থান। শুধু তালগাছ নয়, উপজেলার বিভিন্ন সড়কের পাশে তিনি হাজার হাজার তালবীজ রোপণ করেছেন।
নিজস্ব অর্থায়নে রাইগাঁ ইউনিয়নের ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, রাস্তার দুই পাশ এবং খাসজমিতে ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছ লাগিয়েছেন অধ্যক্ষ আরিফ। একই সঙ্গে মহাদেবপুর ও বদলগাছী উপজেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দর্শনীয় স্থানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছেন।
বৃক্ষপ্রেমী এই মানুষটি যেখানেই যান, সেখানেই অন্তত কয়েকটি গাছ লাগানোর চেষ্টা করেন। তার সবুজায়ন কার্যক্রম ছড়িয়ে পড়েছে সান্তাহার ও আক্কেলপুর রেলস্টেশন, রাজশাহী, চলনবিল, ছাতরা বিল, হাসাইগাড়ি বিল, পাহাড়পুর, হলুদ বিহার, চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে।
পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে তিনি ডাবরকুড়ি থেকে পয়নরী পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কের দুই ধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, শিমুলসহ বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও বনজ গাছ রোপণ করেছেন। এই মনোরম সবুজ সড়কের নাম দিয়েছেন ‘আরিফ কৃষ্ণচূড়া ভ্যালি’। এছাড়াও মহাদেবপুর ও বদলগাছী উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে তার বৃক্ষরোপণের ছাপ রয়েছে।
শুধু শিক্ষক ও জনপ্রতিনিধি হিসেবেই নয়, অধ্যক্ষ আরিফ একজন গুণী কবি হিসেবেও পরিচিত। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
অধ্যক্ষ আরিফুর রহমান বলেন, “কোনো দিন যদি বৃক্ষরোপণ বা গাছের পরিচর্যা না করি, তাহলে মনের মধ্যে অস্থিরতা কাজ করে। গাছগুলোকে আমার সন্তানের মতো মনে হয়। গাছের সঙ্গে আমার এক ধরনের আত্মিক সম্পর্ক ও অকৃত্রিম ভালোবাসা তৈরি হয়েছে।”
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, অত্যন্ত ভদ্র, সাদাসিধে ও মিশুক স্বভাবের এই মানুষটি একজন আদর্শ শিক্ষক, জনপ্রিয় জনপ্রতিনিধি, কবি ও সমাজসেবক হিসেবে সর্বজনগ্রাহ্য। স্থানীয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত তিনি প্রায় ৫১ হাজার গাছ রোপণ করেছেন।
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অধ্যক্ষ আরিফ বলেন, “প্রত্যেক মানুষ অন্তত তিনটি করে গাছ লাগালে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।”
প্রকৃতি ও পরিবেশের প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ শুধু গাছই লাগাচ্ছেন না, গড়ে তুলছেন একটি সবুজ, সুন্দর ও টেকসই ভবিষ্যৎ।






















