সাংবাদিক সমাজকে সংযত থাকার আহবান জানালো প্রেসক্লাব যশোর
- আপডেট সময় : ১১:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসক্লাব যশোর ও যশোরের সাংবাদিক সমাজের মর্যাদা, ঐতিহ্য ও সুনাম ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটি। একই সঙ্গে কোনো সদস্য সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে সম্মানহানির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে গঠনতান্ত্রিক ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ফকির শওকতের আহ্বানে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ফকির শওকতকে আহ্বায়ক এবং বিনয় কৃষ্ণ মল্লিককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
সভায় জানানো হয়, গত ৬ আগস্ট ক্লাবের বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। কমিটির ওপর অর্পিত দায়িত্ব সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছিল। তবে একরাম-উদ-দ্দৌলা, মবিনুল ইসলাম মবিন ও ওহাবুজ্জামান ঝন্টু যথাক্রমে আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্য হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় কমিটির মধ্য থেকেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য এসএম তৌহিদুর রহমান দীর্ঘদিন ধরে কোনো সভায় উপস্থিত না হওয়ায় তাঁকে কমিটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব পরিচালনার দায়িত্ব গ্রহণ করে জরুরি কার্যক্রম সম্পন্ন করতে ভূমিকা রাখায় সাবেক আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা, সাবেক সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন ও সাবেক সদস্য ওহাবুজ্জামান ঝন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এদিকে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্রেসক্লাব যশোরের নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেরুল হক সাবু, সদস্য সচিব হাজী আনিছুর রহমান মুকুল এবং সদস্য রেজাউল করীমকে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় প্রেসক্লাবের মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় সব সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সদস্যের কর্মকাণ্ডে সংগঠন বা সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।













