
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা সোনা) বা অপরিশোধিত সোনার দাম কমে যাওয়ায় নতুন করে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৫ মে সোনার দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়। একইভাবে ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, নতুন মূল্য মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।






















