হত্যাচেষ্টা মামলার তিন পলাতক আসামি র্যাবের হাতে গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ৮৫ বার পঠিত

নড়াইলের কালিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল।
রোববার (১৪ জুন) রাত দেড়টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— শিশান থান্দার (৫০), বায়েজিদ থান্দার (৩০) ও তোকা থান্দার (২৫)। তারা সবাই নড়াইল জেলার কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের বাসিন্দা।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৯ মে নড়াইলের কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিন থান্দারকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন গ্রেফতার তিনজন। ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন। জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা শাহাবুদ্দিন থান্দারের চলাচলে বাধা সৃষ্টি করেন এবং অবৈধভাবে জায়গা দখলের চেষ্টা চালান। একপর্যায়ে তারা রামদা, হাতুড়ি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে শাহাবুদ্দিনের বাড়িতে প্রবেশ করে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
র্যাব-৬ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।























