হামলার বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়ব না: সারজিস আলম
- আপডেট সময় : ১০:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ১১ বার পঠিত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে এর বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ না ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন তিনি। এ সময় হামলার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দায়ী করেন সারজিস আলম।
তিনি দাবি করেন, হামলায় এনসিপির কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। কারও হাত ভেঙে গেছে, কারও মাথা ফেটে গেছে। এছাড়া হামলাকারীরা ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
সারজিস আলম বলেন, আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকজনের মুখেও রড দিয়ে আঘাত করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার সময়ও তাদের ওপর হামলা চালানো হয়। তার ভাষ্য, আমরা যখন আহত সাত-আটজন ভাইকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, তখন হাসপাতালের সামনেও আমাদের ওপর হামলা করা হয়। ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আমাদের হাসপাতালে ঢুকতে দেয়নি। আমার হাতেও রড দিয়ে আঘাত করা হয়েছে।
হামলার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, এত বড় ঘটনার সময় পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, এত বড় হামলার পরও পুলিশ দূরে দাঁড়িয়ে ছিল। যদি এটাই বাংলাদেশের বাস্তবতা হয়, তাহলে এর জবাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দিতে হবে। শুধু ভিন্নমত বা সমালোচনার কারণে এভাবে হামলা কেন করা হচ্ছে?
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের প্রতিও প্রশ্ন তোলেন তিনি। স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব বিএনপিকে দিতে হবে বলেও মন্তব্য করেন।
সর্বশেষে সারজিস আলম বলেন, হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জ ছাড়ব না। প্রয়োজনে এখান থেকে আমাদের লাশ যাবে, কিন্তু এই হামলার বিচার হতেই হবে।



















