
দীর্ঘ ১৩ বছর পর আবারও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি (ছাত্র) ও হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ১৮ জুন (বৃহস্পতিবার) থেকে ২২ জুন (সোমবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। হ্যান্ডবল ইভেন্টে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের ছেলে ও মেয়েদের ১০টি করে দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।
অন্যদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় সাতটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাতটি দল অংশ নেবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আবাসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ছেলেদের জন্য ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন এবং মেয়েদের জন্য তারামন বিবি হলে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. শাহেদুর রহমান বলেন, “এই আয়োজনকে সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। খেলোয়াড়দের আবাসনসহ প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রতিযোগিতার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন হবে।”
শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর ও যবিপ্রবির হ্যান্ডবল ছাত্রী দলের কোচ শাহিনুর রহমান বলেন, “২০১৩ সালে যবিপ্রবির খেলোয়াড় হিসেবে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে গর্বিত বোধ করছি। গত এক মাস ধরে দলকে প্রস্তুত করেছি। আমরা ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী। একই সঙ্গে সুষ্ঠু ও ফেয়ার প্রতিযোগিতা নিশ্চিত করতে কঠোরভাবে দায়িত্ব পালন করা হবে।”
উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যবিপ্রবিতে এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ তৈরি হয়েছে।





















