২৩তম জাতীয় তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ ২৮ ডিসেম্বর
- আপডেট সময় : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৫০ বার পঠিত

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের ২৩তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের তায়কোয়ান্দোর মানোন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে একজন নেপালি বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
শুক্রবার (২১ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর, পিলখানায় বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের অ্যাডহক কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তিনি তৃণমূল পর্যায় থেকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তায়কোয়ান্দোর সাফল্য নিশ্চিত করতে কমিটির সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় ফেডারেশনের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ করার পাশাপাশি দেশের তায়কোয়ান্দোর সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো, জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সাব-কমিটি অনুমোদন, নেপালি বিদেশি কোচ নিয়োগ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনয়ন এবং ২৩তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ আয়োজন।
সভায় ফেডারেশনের সহ-সভাপতি আব্দুস সাকুর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, অ্যাডহক কমিটির সদস্য, বিএনপি মিডিয়া সেলের সদস্য, সাংস্কৃতিককর্মী ও দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

























