প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন আলোচনা
- আপডেট সময় : ০৭:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৩৭ বার পঠিত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সামরিক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। এ ছাড়া সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং প্রতিরক্ষা শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার সার্বিক কৌশলগত সম্পর্ক এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।























