যশোরে ডাকাত সন্দেহে মাইকিং, গণধোলাইয়ে পাঁচ যুবক আহত
- আপডেট সময় : ০৮:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ বার পঠিত

যশোরে ডাকাত সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাঁচ যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে ঝুমঝুমপুর-বালিয়াডাঙ্গা মালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার নাভারন এলাকার আরিফের ছেলে রাসেল হোসেন (২৩), চাঁদপুর এলাকার মৃত দাউদ হোসেনের ছেলে নাহিদ (২৯), চানপুর এলাকার আলতাফের ছেলে নিরব (১৮), হারিয়া এলাকার মৃত মসলেমের ছেলে সুজন (১৮) এবং চাঁদপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে তানজিম (২২)।
আহতদের ভাষ্যমতে, প্রবাসে পাঠানোর কথা বলে নাহিদের কাছ থেকে করিম নামে এক ব্যক্তি টাকা নেন। পরে নাহিদ জানতে পারেন, করিম সীতারামপুর এলাকায় অবস্থান করছেন। তাকে খুঁজতে পাঁচজন মোটরসাইকেল ও মাইক্রোবাসযোগে ঝুমঝুমপুর বেসিকনগর এলাকায় যান।
সেখানে একটি মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের দুর্ঘটনা ঘটে। এরপর স্থানীয়রা তাদের ধাওয়া করে ঝুমঝুমপুর থেকে সীতারামপুর বাংলা বাজার পর্যন্ত নিয়ে যায় বলে জানা গেছে।
একপর্যায়ে ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা মালুপাড়া এলাকার লোকজন মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়েছে বলে ঘোষণা দেন। এতে স্থানীয় লোকজন জড়ো হয়ে পাঁচ যুবককে আটক করে গণধোলাই দেন বলে অভিযোগ উঠেছে।
পরে খবর পেয়ে চানপাড়া থানার মোবাইল টিমের এএসআই জাবেদ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় রাত আনুমানিক ১টার দিকে তাদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত চলছে। পাঁচ যুবক আসলেই ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।












