দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর ব্যবস্থা
ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরানোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ৩৭ বার পঠিত

প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও সেবার ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী দুই মাসের মধ্যে চলমান প্রকল্পগুলোতে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবনের সম্মেলনকক্ষে সংস্থাটির সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। দাসেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় পাইপলাইন সংযোগ প্রকল্প দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি পূর্বাচলে পানি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলতে দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের তাগিদ দেন।
ওয়াসা বোর্ড বিলুপ্তির সিদ্ধান্ত
ওয়াসার কার্যক্রমে বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আইনে ওয়াসায় বোর্ড রাখার বিধান থাকলেও সরকার প্রয়োজনে তা গঠন বা ভেঙে দিতে পারে। মন্ত্রণালয়ের পর্যালোচনায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে বোর্ডের অনাবশ্যক হস্তক্ষেপ ও বাধা জনসেবামূলক কার্যক্রমের গতি কমিয়ে দিচ্ছে।
এ পরিস্থিতিতে আইন সংশোধন করে দেশের সব ওয়াসা থেকে বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
পানির চাহিদা বাড়ছে, অগ্রগতি নেই
ঢাকা মহানগরে দৈনিক পানির চাহিদা ও সরবরাহ বর্তমানে ৩১৪ কোটি লিটার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনসংখ্যা ও বাসাবাড়ি বাড়ার সঙ্গে সঙ্গে পানির চাহিদাও বাড়ছে। কিন্তু গত সাত মাসে ওয়াসার কার্যক্রমে উল্লেখযোগ্য উদ্ভাবন কিংবা প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান গতি দেখা যায়নি। এটি অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, পানির সংকট তৈরি হলে এর দায় সরকারের ওপরই বর্তায়। তাই নগরবাসীর পানির চাহিদা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর নির্দেশ
বর্তমানে ঢাকা ওয়াসার সরবরাহ করা পানির ৭৪ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে এবং ২৬ শতাংশ উপরিভাগের উৎস থেকে আসে বলে সভায় জানানো হয়।
ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ২০ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য সারফেস ওয়াটারভিত্তিক প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
নিজস্ব আয় বাড়াতে হবে, বিলিংয়ে অটোমেশন
ওয়াসার আর্থিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেবার মান ঠিক রেখে নিজস্ব রাজস্ব আয় বাড়াতে হবে। বিদেশি ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নিজস্ব তহবিল থেকে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা গড়ে তুলতে হবে।
এ ছাড়া মিটার রিডিং ও বিলিং কার্যক্রমে অটোমেশন জোরদার করার নির্দেশ দেন তিনি। ২০৫০ সালের পানির চাহিদা বিবেচনায় নিয়ে ওয়াসার আধুনিকায়নে নতুন ও পূর্ণাঙ্গ জনবল কাঠামো বা অর্গানোগ্রাম তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে জমা দিতে বলেন।
অবৈধ পানির লাইন ও রাজনৈতিক প্রভাব বন্ধের নির্দেশ
শহরের অবৈধ ও চোরাই পানির লাইন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এসব কর্মকাণ্ডে প্রভাবশালী ব্যক্তি কিংবা রাজনৈতিক দুর্বৃত্তরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেন।
তিনি সতর্ক করে বলেন, সেবাধর্মী প্রতিষ্ঠানে দলীয় বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের সেবা ব্যাহত করা যাবে না। এ বিষয়ে সিবিএ ও কর্মচারী সংগঠনগুলোর নেতাদের সতর্ক থাকতে হবে।
পাশাপাশি ব্রাশ করা বা শেভ করার সময় অযথা পানির কল খোলা না রাখা এবং পানির অপচয় রোধে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেন তিনি।
দুই মাস পর আবার পর্যালোচনা
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামী দুই মাস পর তিনি আবার ওয়াসার কার্যক্রম পর্যালোচনা করবেন। এর মধ্যে দৃশ্যমান ও আমূল পরিবর্তন দেখতে চান তিনি। নগরবাসীকে পানির বিষয়ে স্বস্তি দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এখন থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. মুহা. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী সমিতি, ডিপ্লোমা অ্যাসোসিয়েশন, সিবিএ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
























