সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স
- আপডেট সময় : ০৮:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ২০ বার পঠিত

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ উপলক্ষে জাতীয় স্টেডিয়ামসহ সংশ্লিষ্ট এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে ১০০ জন অঙ্গীভূত আনসার ও টিডিপি সদস্য মোতায়েনের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে একটি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স।
ছয়টি দেশের অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক এ ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়, কর্মকর্তা, দর্শনার্থী ও স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় স্টেডিয়াম এলাকার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা মহানগর আনসারের পূর্ব জোন থেকে মোতায়েন করা ১০০ জন অঙ্গীভূত আনসার ও টিডিপি সদস্য স্টেডিয়ামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা এবং নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে একটি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে মোতায়েন করা আনসার ও টিডিপি সদস্যদের অংশগ্রহণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্রিফিংয়ে দর্শনার্থীদের নিরাপত্তা, স্টেডিয়ামে প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার বিষয়ে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
আন্তর্জাতিক এ ক্রীড়া আয়োজন নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আনসার বাহিনীর এ নিরাপত্তা প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় গুরুত্বপূর্ণ আয়োজনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে।























