কালিয়ায় বর্ণিল আয়োজনে মুখরিত নদীপাড়
ঢাকঢোল আর মাঝি-মাল্লাদের হুঙ্কারে নবগঙ্গা নদীতে উৎসবের আমেজ
- আপডেট সময় : ০৯:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১৯ বার পঠিত

নদীর বুকে সারি সারি নৌকা, ছন্দময় দাঁড় টানার প্রতিযোগিতা, মাঝি-মাল্লাদের সম্মিলিত হুঙ্কার আর দুই পাড়জুড়ে হাজারো মানুষের উচ্ছ্বাস, এ যেন ফিরে পাওয়া গ্রামবাংলার চিরচেনা এক আবহ। আবহমান বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী নৌকা বাইচকে কেন্দ্র করে উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টা থেকে বড়দিয়ার নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয় জমজমাট এ নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরুর আগেই নদীর দুই পাড়ে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। বড়দিয়া ছাড়াও নড়াগাতী, কালিয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ ছুটে আসেন এ আয়োজন উপভোগ করতে।
নদীর পাড়, ঘাট ও আশপাশের সুবিধাজনক স্থানগুলোতে দাঁড়িয়ে দর্শকেরা উপভোগ করেন নৌকার রোমাঞ্চকর প্রতিযোগিতা। বাঁশি ও ঢাকঢোলের শব্দের সঙ্গে মাঝি-মাল্লাদের হুঙ্কার, ছন্দময় দাঁড়ের আঘাত আর পাল্লা দিয়ে নৌকা ছুটিয়ে চলার দৃশ্য মুহূর্তেই দর্শকদের মধ্যে ছড়িয়ে দেয় উচ্ছ্বাস। কোনো নৌকা এগিয়ে গেলে করতালি ও উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা।
নদীর বুকে প্রতিযোগিতার উত্তেজনা আর দুই পাড়ের মানুষের আনন্দ-উল্লাস মিলিয়ে পুরো বড়দিয়ায় সৃষ্টি হয় এক প্রাণবন্ত উৎসবের পরিবেশ। এ আয়োজনের সৌজন্যে ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিঠু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নৌকা বাইচকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যের এমন আয়োজন শুধু বিনোদনের উপলক্ষ নয়, বরং এটি নদীকেন্দ্রিক জনপদের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের এক অনন্য প্রকাশ। নদী ও নৌকাকে ঘিরে গড়ে ওঠা বাংলার লোকজ জীবনধারার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়দের মতে, আধুনিকতার প্রভাবে গ্রামবাংলার অনেক ঐতিহ্য আজ হারিয়ে যাওয়ার পথে। অথচ নৌকা বাইচের মতো আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও মিলনমেলার পরিবেশ তৈরি করে। তাই শুধু বিশেষ উপলক্ষেই নয়, প্রতিবছর নিয়মিতভাবে এমন প্রতিযোগিতার আয়োজন করা হলে এ অঞ্চলের লোকজ সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।
বড়দিয়ার নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত এ নৌকা বাইচ যেন আবারও মনে করিয়ে দিল, নদী শুধু জলপ্রবাহ নয়, নদীকে ঘিরেই বেঁচে আছে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগ। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজন স্থানীয় জনপদে আনন্দের নতুন আবহ তৈরি করেছে। ঐতিহ্যের এই ধারাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় দর্শনার্থীরা।
























