যশোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সাংবাদিক আকাশ গুরুতর আহত
- আপডেট সময় : ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৫৪ বার পঠিত

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট পাবলিক কলেজের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খায়রুজ্জামান আকাশ নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তিনি দৈনিক গ্রামের কাগজের সাবেক স্টাফ রিপোর্টার। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, খায়রুজ্জামান আকাশ মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে যশোর শহরের সিটি ব্যাংকে যাচ্ছিলেন। পথে নতুনহাট পাবলিক কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোরের পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা। পরে পরিবারের সদস্যরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।
এদিকে সাংবাদিক খায়রুজ্জামান আকাশের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, সাংবাদিক সমাজ, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা জানিয়েছেন সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আহত সাংবাদিকের চিকিৎসার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

























