মাহ্দী আমিনের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির বৈঠক
আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়তে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস
- আপডেট সময় : ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ৪১ বার পঠিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর, আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠা এবং শিক্ষক প্রশিক্ষণের উন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। এ লক্ষ্যে বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছে সংস্থাটি।
সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকতার পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ বলেন, শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো অত্যন্ত জরুরি। এ জন্য সব মাধ্যমের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন, প্রাক্-চাকরি প্রশিক্ষণ এবং চাকরিরত শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ ছাড়া শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, কার্যকর মূল্যায়ন পদ্ধতি, স্বাস্থ্য শিক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় উঠে আসে। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের বিষয়েও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে ডিজিটাল কনটেন্ট ও শিক্ষা প্রযুক্তি (এডটেক) খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নয়নে সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগের পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উন্নত শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাহ্দী আমিন আরও বলেন, শিক্ষার মান নিশ্চিত করতে শুধু অবকাঠামো ও প্রযুক্তির উন্নয়ন যথেষ্ট নয়; শিক্ষকদের পাঠদানের মান এবং শ্রেণিকক্ষের কার্যক্রমের কার্যকর তদারকিও প্রয়োজন। এ জন্য শিক্ষকদের কর্মদক্ষতা ও পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণে একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শিক্ষা খাতের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।
























