তরিকুল ইসলামের স্মরণে ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৮:৫৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৪৮ বার পঠিত

প্রয়াত মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন। একই অনুষ্ঠানে জুলাই যোদ্ধা শহীদ আব্দুল্লাহর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাগরিবের নামাজের পর বেনাপোলে ৮৯১ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লিটন হোসেন, সাংগঠনিক সম্পাদক আবেদার রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
আলোচনা সভায় সভাপতি মাকসুদুর রহমান রিন্টু বলেন, তরিকুল ইসলাম শুধু যশোরের নেতা ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের একজন জাতীয় নেতা। তাঁর হাত ধরে যশোরের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির সূচনা হয়েছে। একজন অভিজ্ঞ, দূরদর্শী ও জনসম্পৃক্ত রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি আরও বলেন, তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, কর্ম ও অবদান মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম ও জুলাই যোদ্ধা শহীদ আব্দুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
























