টুঙ্গিপাড়া থানা জ্বালিয়ে দিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা
- আপডেট সময় : ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৪৪ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে থানার মূল ভবন ও ভেতরে থাকা অন্তত ছয়টি গাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়।
পরে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে বিক্ষুব্ধ লোকজন থানার দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় থানায় আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে কয়েক দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে টুঙ্গিপাড়া কার্যত সংঘর্ষের এলাকায় পরিণত হয়।

























