কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা নিয়ে রাজশাহীতে পর্যালোচনা সভা
- আপডেট সময় : ১১:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৫৮ বার পঠিত

কৃষক পর্যায়ে সারের সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগী বিতরণ নিশ্চিত করতে রাজশাহীতে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। সভাপতিত্ব করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম।
সভায় কৃষক পর্যায়ে সারের সুষ্ঠু ও সময়োপযোগী সরবরাহ নিশ্চিত করা, সার বিতরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখা, বিতরণ কার্যক্রমের নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি মীর আশরাফ আলী বলেন, কৃষকের কাছে নির্ধারিত সময়ে সঠিকভাবে সার পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সার বিতরণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য দপ্তরের মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সার বিতরণকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কৃষকের স্বার্থ রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় রাজশাহী রেঞ্জের আওতাধীন সব জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
























