বেনাপোলে বিএনপি নেতার বাড়ির সামনে বোমা হামলা, আহত ২
- আপডেট সময় : ১০:৪১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ৫০ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপির নেতা ও ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমানের বাড়ির সামনে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তবিবুর রহমান ও তাঁর সঙ্গে থাকা লোকমান হোসেন নামে দুজন আহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ১টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুজনই ওই গ্রামের বাসিন্দা।
তবিবুর রহমান জানান, তাঁরা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁরা দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নাভারণ সরকারি হাসপাতালে ভর্তি করেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত-পায়ে বোমার আঘাতে ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, আমরা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর পর বাড়ি ফিরছিলাম। এ সময় তবিবুর রহমানের বাড়ির সামনে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। কারা, কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা
























