আড়াই বছর পর ঢাবির
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন কেশবপুরের ড. শামীম রেজা
- আপডেট সময় : ০৬:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ৮৯ বার পঠিত

যশোরের কেশবপুরের কৃতি সন্তান অধ্যাপক ড. এস এম শামীম রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২৩ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ আড়াই বছর পর বিভাগটির নিজস্ব একজন জ্যেষ্ঠ শিক্ষক চেয়ারম্যানের দায়িত্ব পেলেন।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ২০২৪ সালের ৫ জুন থেকে অনুষদের ডিনরা এ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
অধ্যাপক ড. শামীম রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কমিউনিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড মিডিয়া ডেমোক্রেটাইজেশন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। গণযোগাযোগ, উন্নয়ন যোগাযোগ ও গণমাধ্যমের গণতন্ত্রায়ন নিয়ে তাঁর গবেষণা রয়েছে।
তিনি কেশবপুর পৌরশহরের ডাকবাংলোপাড়ার মরহুম আবুল কাশেমের জ্যেষ্ঠ পুত্র। তাঁর শিক্ষাজীবনের শুরু কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে কেশবপুর পাইলট স্কুল, ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁর এ অর্জনে কেশবপুরের শিক্ষানুরাগী ও সচেতন মহলে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।


























