নির্বাচনী মহোৎসব, মাঠে ত্রিমুখী লড়াইয়ের আভাস
ভোটের আমেজে ভাসছে সাতক্ষীরার কৃষ্ণনগর
- আপডেট সময় : ০১:২২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৩৪ বার পঠিত

নির্বাচন মানেই যেখানে অনেক সময় উত্তেজনা, শঙ্কা কিংবা পাল্টাপাল্টি অভিযোগের চিত্র চোখে পড়ে, ঠিক তার বিপরীতে এক অনন্য ও ঈর্ষণীয় নজির স্থাপন করতে যাচ্ছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়ন। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে এই ইউনিয়নের প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা ও হাটবাজারে বইছে আনন্দের জোয়ার।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আর ভোটের আমেজ দেখে মনে হচ্ছে এ যেনো ঈদ, পূজা কিংবা যেকোনো বড় ধর্মীয় ও সামাজিক উৎসবকেও হার মানাচ্ছে। স্থানীয় ভোটার ও সচেতন মহলের দৃঢ় বিশ্বাস, কৃষ্ণনগর ইউপি নির্বাচন এবারও সারা বাংলাদেশের মধ্যে ভোটের ইতিবাচক ইমেজ ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চার সেরা মডেল হিসেবে বিবেচিত হবে।
সরেজমিনে কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও জনপদ ঘুরে দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোরের আলো ফোটার সাথে সাথেই চায়ের দোকানগুলোতে জমছে ভোটারদের আড্ডা, যা চলছে গভীর রাত পর্যন্ত।
কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী থেকে শুরু করে তরুণ প্রজন্ম সবার মুখেই এখন একটিই আলোচনা, কে হচ্ছেন কৃষ্ণনগরের আগামী দিনের কাণ্ডারি? নির্বাচনকে ঘিরে মানুষের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস পুরো ইউনিয়নকে এক বিশাল মিলনমেলায় পরিণত করেছে।
স্থানীয় সাধারণ জনগণ, প্রবীণ ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মূলত পাঁচজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বলে জোরালো ধারণা করা হচ্ছে।
স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও জনপ্রিয় এই পাঁচ সম্ভাব্য প্রার্থী হলেন:. বর্তমান চেয়ারম্যান সাফিয়া পারভীন, এলাকায় ‘জনতার চেয়ারম্যান’ হিসেবে সুপরিচিত জিএম রবিউল্লাহ বাহার। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যাপক মোশারফ হোসাইন, রেমিট্যান্স যোদ্ধা আমিরুল ইসলাম খোকন মোল্লা ও জনদরদী ব্যক্তিত্ব রওশান আলী কাগজি।
নির্বাচনী মাঠে পাঁচজন প্রার্থীর নাম জোরালোভাবে উচ্চারিত হলেও, স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের চুলচেরা বিশ্লেষণে উঠে এসেছে এক রোমাঞ্চকর সমীকরণ। এলাকাবাসীর ধারণা, পাঁচজন প্রার্থীই নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে গেলেও, ভোটের চূড়ান্ত লড়াইয়ে শেষ পর্যন্ত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি: বর্তমান চেয়ারম্যান সাফিয়া পারভীন তার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সন্ত্রাসী জনগোষ্ঠীর বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন তাতে তার জনপ্রিয়তা দ্বিগুণ হয়েছে বলে মনে করছে সাধারণ মানুষ, প্রশাসনিক অভিজ্ঞতা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সমর্থনকে পুঁজি করে মাঠে রয়েছেন।
অন্যদিকে, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ‘জনতার চেয়ারম্যান’ খ্যাতি পাওয়া জিএম রবিউল্লাহ বাহারের রয়েছে বিশাল কর্মী-সমর্থক বাহিনী ও তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোশারফ হোসাইন তার শিক্ষাগত যোগ্যতা, ক্লিন ইমেজ এবং সচেতন সমাজের সমর্থনে শক্ত অবস্থান তৈরি করছেন। পাশাপাশি সমাজসেবক রওশান আলী কাগুজী এবং প্রবাস থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধা আমিরুল ইসলাম খোকন মোল্লা এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত ইমেজ ও আঞ্চলিক ভোটব্যাংক নির্বাচনী সমীকরণকে ক্ষণে ক্ষণে বদলে দিচ্ছে।
কৃষ্ণনগর বাজারের প্রবীণ এক ব্যবসায়ী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের ইউনিয়নে নির্বাচন মানেই এক অন্যরকম আনন্দ। এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই মিলেমিশে উৎসবের মতো ভোট দেয়। দেশের অনেক জায়গায় নির্বাচন নিয়ে ভয় থাকলেও আমাদের কৃষ্ণনগরের ভোটের ইমেজ সারা বাংলাদেশের মধ্যে সেরা।
অন্যদিকে, প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণ ভোটারদের কণ্ঠে শোনা গেছে পরিবর্তনের ও উন্নয়নের সুর। স্থানীয় এক কলেজছাত্র বলেন, “আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি মাদকমুক্ত সমাজ গড়বেন, শিক্ষার প্রসার ঘটাবেন এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে থাকবেন। পাঁচজন প্রার্থীই যোগ্য, তবে শেষ পর্যন্ত যোগ্যতম ব্যক্তিকেই আমরা বেছে নেব।
সব মিলিয়ে, কালিগঞ্জের ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন কেবল একটি জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ায় সীমাবদ্ধ নেই; এটি রূপ নিয়েছে সাধারণ মানুষের প্রাণের উৎসবে। শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কৃষ্ণনগরবাসী আবারও প্রমাণ করতে যাচ্ছে—গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের উৎসবমুখর অংশগ্রহণের মাঝেই।


























