শার্শায় বিশেষ অভিযানে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / ৪২ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন কায়বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন (৩৮) এবং নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব আহাম্মদ (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে শনিবার (২৮ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ভবানীপুর এলাকা থেকে সোহাগ হোসেনকে গ্রেপ্তার করেন। অপরদিকে, রোববার (২৯ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২৬ মিনিটে কন্দর্পপুর এলাকা থেকে বিপ্লব আহাম্মদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শার্শা থানার মামলা নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর রোববার (২৯ নভেম্বর) তাঁদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























