
যশোরের কেশবপুর উপজেলা পরিষদ সংলগ্ন সড়কের ফুটপাত দীর্ঘদিন ধরে ইট, মাটি ও বালু ফেলে দখল করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারীরা। জনসাধারণের চলাচলের জন্য নির্মিত ফুটপাতটি কার্যত নির্মাণসামগ্রীর গুদামে পরিণত হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ সংলগ্ন ব্যস্ত সড়কের ফুটপাতের একটি বড় অংশজুড়ে ইটের স্তুপ, খনন করা মাটি ও বালু ফেলে রাখা হয়েছে। দীর্ঘ সময় ধরে এসব নির্মাণসামগ্রী সরিয়ে না নেওয়ায় ফুটপাতটি পথচারীদের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী, নারী, প্রবীণ ব্যক্তি এবং প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।
স্থানীয়রা জানান, ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে বাধ্য হয়ে অনেককে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে যানবাহনের সঙ্গে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। ব্যস্ত সময়ে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ না থাকায় জনদুর্ভোগ আরও প্রকট হয়ে উঠেছে।
একাধিক পথচারী অভিযোগ করে বলেন, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার পাশেই যদি ফুটপাত এমনভাবে দখল হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি সহজেই অনুমান করা যায়। দীর্ঘদিন ধরে একই অবস্থা বিরাজ করলেও সংশ্লিষ্টদের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। তারা দ্রুত ফুটপাতটি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান। ফুটপাত পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্মিত হয়। সেখানে নির্মাণসামগ্রী ফেলে রাখা শুধু আইনবিরোধীই নয় এটি জননিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। ফুটপাত দখল হয়ে গেলে মানুষ বাধ্য হয়ে সড়কে নেমে হাঁটে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
স্থানীয় সচেতন মহল বলছে, জনস্বার্থে ফুটপাতের ওপর রাখা ইট, মাটি ও বালু দ্রুত অপসারণ করা প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি প্রয়োজন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সেই সাথে দখলমুক্ত ফুটপাতটি দ্রুত জনসাধারণের চলাচলের সুযোগ করে দেয়া হোক।






















